পরিবেশ সুরক্ষা এবং টেকসই ফ্যাশন বাস্তবায়নের লক্ষ্যে অবিক্রীত পোশাক ও জুতা ধ্বংসে নতুন নিষেধাজ্ঞা জারি করার উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৈশ্বিক ফ্যাশন শিল্পের অপচয় রোধ করতে ইইউ-এর এই কঠোর অবস্থান বিশ্বজুড়ে তৈরি পোশাক খাতে এক বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের জন্য ইইউ-এর এই সিদ্ধান্ত একদিকে যেমন চ্যালেঞ্জের, অন্যদিকে পরিবেশবান্ধব উৎপাদনের ক্ষেত্রে নতুন সম্ভাবনাও তৈরি করছে।
নতুন এই নীতি বাস্তবায়িত হলে ইউরোপের ফ্যাশন ব্র্যান্ডগুলোকে পোশাকের ক্রয়াদেশ ও উৎপাদনের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি সতর্ক হতে হবে। অতিরিক্ত উৎপাদন বা অবিক্রীত পোশাক পুনর্ব্যবহার করতে না পারলে তা ব্র্যান্ডগুলোর জন্য বড় আর্থিক ক্ষতির কারণ হবে। ফলে ইউরোপীয় ক্রেতারা ক্রয়াদেশের পরিমাণ কিছুটা কমাতে বা নির্ধারিত চাহিদার ভিত্তিতে অর্ডার দিতে পারে। এতে শুরুতে বাংলাদেশের পোশাক শিল্পের রপ্তানি প্রবাহে একধরনের অনিশ্চয়তা ও সাময়িক সংকট দেখা দেওয়া স্বাভাবিক।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত বাংলাদেশের পোশাক খাতের জন্য বিরাট এক সুযোগ হতে পারে। ইতোমধ্যে বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বেশি পরিবেশবান্ধব ‘গ্রিন ফ্যাক্টরি’ রয়েছে। দেশের উদ্যোক্তারা যদি সার্কুলার ফ্যাশন বা রিসাইক্লিং প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি করে পুনঃব্যবহারযোগ্য ফেব্রিক দিয়ে পোশাক উৎপাদনে গুরুত্ব দেন, তবে ইইউ বাজারে বাংলাদেশ অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। ফলে ইউরোপের এই নীতিকে টেকসই উন্নয়নের মাধ্যমে সম্ভাবনা হিসেবে কাজে লাগানোর সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।