দেশের প্রায় ৩০টি ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ড এবং এটিএম বুথ সেবা হঠাৎ করে বন্ধ হয়ে পড়েছে। এতে সারাদেশে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। জরুরি প্রয়োজনে কার্ড দিয়ে কেনাকাটা কিংবা এটিএম বুথ থেকে টাকা তুলতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, বিপুলসংখ্যক ব্যাংকের সেবা অচল হয়ে পড়লেও বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছুই জানে না কেন্দ্রীয় ব্যাংক ‘বাংলাদেশ ব্যাংক’।
কারিগরি ত্রুটি নাকি আইটি সিস্টেমে অন্য কোনো বিপর্যয়ের কারণে এমন সমস্যা ঘটেছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কয়েকটি ব্যাংকের আইটি বিভাগ সূত্রের তথ্যমতে, একটি যৌথ পেমেন্ট সুইচ নেটওয়ার্ক বা সেন্ট্রাল প্রসেসিং সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় এই কার্ডভিত্তিক লেনদেন ব্যাহত হচ্ছে। এর ফলে পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনে লেনদেনসহ অনলাইন কার্ড পেমেন্টও বন্ধ রয়েছে।
এদিকে ব্যাংকিং খাতের মূল অভিভাবক সংস্থা বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সেবা বিঘ্নিত হওয়ার বিষয়ে ব্যাংকগুলো তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সাধারণ নিয়ম অনুযায়ী ব্যাংকিং সেবায় বড় ধরনের কোনো বিপর্যয় ঘটলে তা দ্রুত কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। গ্রাহক স্বার্থ রক্ষায় এবং দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক।