সৌদি আরবে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশ দূতাবাস বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের “তথ্য জানা ছিল না” বলে মন্তব্য করা নিয়ে প্রবাসী অধিকার কর্মী ও বিশেষজ্ঞদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের আইনি সুরক্ষা ও প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রদান যেখানে দূতাবাসের প্রাথমিক দায়িত্ব, সেখানে এমন জবাবদিহিতাহীন মন্তব্য কতটা গ্রহণযোগ্য—তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।
আন্তর্জাতিক রীতিনীতি ও কনস্যুলার সম্পর্ক সংক্রান্ত ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কোনো দেশে বিদেশি নাগরিক গ্রেফতার হলে বা গুরুতর শাস্তির মুখোমুখি হলে সংশ্লিষ্ট দেশের দূতাবাসকে অবহিত করার বিধান রয়েছে। তবে বিশ্লেষকরা মনে করেন, শুধু চিঠি বা নোটিশের অপেক্ষায় বসে না থেকে প্রবাসী শ্রমিকদের আইনি আইনি প্রক্রিয়ার খোঁজখবর রাখা এবং নিয়মিত তদারকি করা দূতাবাসের সক্রিয় কূটনৈতিক দায়িত্বের অংশ।
মানবাধিকার কর্মী ও আইন বিশেষজ্ঞদের মতে, কেবল তথ্য না পাওয়ার অজুহাত দেখিয়ে রাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নৈতিক ও আইনি দায় এড়াতে পারে না। প্রবাসীদের রক্তঘামে অর্জিত রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকলেও বিপদের সময় তাদের যথাযথ আইনি সহায়তা নিশ্চিতে সমন্বিত ও জবাবদিহিমূলক ব্যবস্থার ঘাটতি বারবার স্পষ্ট হয়ে উঠছে।